কলকাতা: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড(Terrible Fire) কলকাতায়। একের পর এক আগুনের ঘটনায় শহরের বিভিন্ন প্রান্তে আতঙ্কের আবহ তৈরি হয়েছে। বৃহস্পতিবার বড়বাজারে রাসায়নিক সামগ্রীর দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার ফের আগুন লাগার ঘটনা সামনে এল তপসিয়া এলাকা থেকে। এদিন তপসিয়ার একটি সোফা তৈরির কারখানায় হঠাৎ করেই ভয়াবহ আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুপুরের দিকে হঠাৎ করেই কারখানার ভেতর থেকে ঘন কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব না পেলেও অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ আকার নেয়।(Terrible Fire) কারখানার ভেতরে থাকা ফোম, কাপড়, কাঠ ও অন্যান্য দাহ্য সামগ্রীর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।
কারখানায় কর্মরত শ্রমিকরা প্রাণ বাঁচাতে দৌড়ে বাইরে বেরিয়ে আসেন। অনেকে ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন। স্থানীয় বাসিন্দারাও আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন। কারখানার আশপাশে ঘনবসতিপূর্ণ এলাকা থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। প্রথমে চারটি দমকল ইঞ্জিন পাঠানো হলেও আগুনের তীব্রতা দেখে আরও চারটি ইঞ্জিন পাঠানো হয়। মোট আটটি দমকল ইঞ্জিন দীর্ঘ সময় ধরে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে হাত লাগায়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে দমকল সূত্রে খবর।
দমকল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। কারখানার মালিক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।




