কলকাতা: গত বৃহস্পতিবারই শেষ হয়েছে এনুমারেশন ফর্ম গ্রহণ। শুক্রবারই ভোটার তালিকা থেকে নাম বাদের পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।(Election Commission)সেই পরিসংখ্যান নিয়েই এবার রাজনৈতিক চর্চা তুঙ্গে। দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা ভবানীপুরে নাম বাদ পড়েছে প্রায় ৪৫ হাজার। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা নন্দীগ্রামে তার চার ভাগের এক ভাগ নাম বাদ পড়েছে।
নির্বাচন কমিশনের(Election Commission)পরিসংখ্যান বলছে, নন্দীগ্রামে ভোটার সংখ্যা ছিল ২ লক্ষ ৭৮ হাজার ২১২ জন। এসআইআরে পূর্ব মেদিনীপুর জেলার এই কেন্দ্রে বাদ পড়েছে ১০ হাজার ৫৯৯ জনের নাম। অন্যদিকে, ভবানীপুরে ভোটার ছিলেন (২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত তালিকা অনুযায়ী) ১ লক্ষ ৬১ হাজার ৫০৯ জন। সেই তালিকা থেকে নাম বাদ পড়েছে ৪৪ হাজার ৭৮৭ জনের। যেখানে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে এত বৃহৎ সংখ্যায় নাম বাদ গিয়েছে সেখানে বিরোধী দলনেতার কেন্দ্রে মাত্র সাড়ে ১০ হাজার! এ নিয়েই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।
জেলাগত ভাবে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে দক্ষিণ ২৪ পরগনায়। ঘটনাচক্রে, গত কয়েক বছর ধরে এই জেলা রাজনৈতিক শক্তির নিরিখে রাজ্য রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা হিসাবেই পরিচিত। অভিষেক এই জেলারই ডায়মন্ড হারবার থেকে সাংসদ। গত লোকসভা ভোটে তাঁর জয়ের ব্যবধান ছিল সাত লক্ষের বেশি। দক্ষিণ ২৪ পরগনায় নাম বাদ পড়েছে ৮ লক্ষ ১৬ হাজার ৪৭ জনের।
আবার, ভবানীপুরের থেকেও বেশি নাম বাদ পড়েছে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিধানসভা কেন্দ্র কলকাতা বন্দরে। সেখানে বাদ পড়ার সংখ্যা ৬৩ হাজার ৭৩০। রাজ্যের আর এক গুরুত্বপূর্ণমন্ত্রী অরূপ বিশ্বাসের টালিগঞ্জে নাম বাদ পড়েছে ৩৫ হাজার ৩০৯ জনের। বিজেপির পরিষদীয় দলের অন্যতম দু’জন গুরুত্বপূর্ণ মুখ অগ্নিমিত্রা পাল এবং শঙ্কর ঘোষের কেন্দ্রে নাম বাদ পড়ার হার নন্দীগ্রামের তুলনায় বেশি হলেও কলকাতা বন্দরের তুলনায় কম। অগ্নিমিত্রার কেন্দ্র আসানসোল দক্ষিণে নাম বাদ পড়েছে ৩৯ হাজার ২০২ জনের। শঙ্করের শিলিগুড়িতে সেই সংখ্যা ৩১ হাজার ১৮১।
রাজ্যের ২৯৪টি বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে উত্তর কলকাতার চৌরঙ্গীতে। যেখানকার বিধায়ক তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়। চৌরঙ্গীতে নাম বাদ পড়েছে ৭৪ হাজার ৫৫৩ জনের। উল্লেখ্য, সব মিলিয়ে ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়েছে এসআইআরের প্রথম পর্বে। আগামী মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।




