নয়াদিল্লি : ইন্ডিগোর বিমান বিভ্রাট নিয়ে বারবার খবর সামনে আসছে। বিমান বিভ্রাটের জেরে যাত্রীদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। এবার ইন্ডিগোর বিমান বিপর্যয়ের জেরে চার ‘ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর’কে বরখাস্ত করে দিল দেশের বিমান চলাচল নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ডিজিসিএ।(DGCA) জানা যাচ্ছে, যে চারজনকে বরখাস্ত করা হয়েছে, তাঁদের দায়িত্ব ছিল ইন্ডিগোর কাজকর্ম দেখভাল করা। যা তাঁরা করতে ব্যর্থ হয়েছেন বলেই খবর ডিজিসিএ সূত্রে।
বিমান বিভ্রাটের জেরে এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভোগান্তির শিকার হয়েছেন বহু যাত্রী। এই পরিস্থিতিতে ইন্ডিগোর কাজকর্মে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে ডিজিসিএ।(DGCA) বিমান সংস্থার সদর দফতরে ঘাঁটিও গেড়েছেন ডিজিসিএ-র কর্তারা। ওই অফিসারেরা ইন্ডিগোর কর্মীদের ডিউটি-রস্টারের পাশাপাশি সংস্থাটি এখনও কত উড়ান বাতিল করছে, সময় মতো বাকি উড়ান চলছে কি না, যাত্রীদের টিকিটের ভাড়া ও জমা নেওয়া মালপত্র ঠিকমতো ফেরত দেওয়া হচ্ছে কি না, সে সবে নজর রাখবেন। তাঁদের দৈনিক রিপোর্টও পাঠাতে বলা হয়েছে বলে সূত্রের খবর।
ইন্ডিগোর বিমান বিপর্যয়ের কারণ অনুসন্ধানে গড়া ডিজিসিএ-র চার সদস্যের প্যানেলের সামনে হাজিরা দিয়েছেন ইন্ডিগোর সিইও। সাম্প্রতিক অব্যবস্থার পুঙ্খানুপুঙ্খ তথ্যসমৃদ্ধ রিপোর্ট চাওয়া হয়েছে তাঁর কাছে। সূত্রের মতে, ঘটনাপ্রবাহ যে তাঁদের ইচ্ছাকৃত ছিল না, কার্যত তারই প্রমাণ দেওয়ার দায় বর্তেছে সিইও-র উপরে।




