প্রতিবেদন : হঠাৎই যেন ভারতের টি-টোয়েন্টি দলে ব্রাত্য হয়ে পড়েছেন সঞ্জু স্যামসন। ওপেনার হিসেবে টানা কিছু ম্যাচে শুভমন গিল সুযোগ পেলেও দাগ কাটতে ব্যর্থ তিনি। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে মুল্লানপুরে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাঁকে। সঞ্জুর সুযোগ না পাওয়া নিয়ে অখুশি প্রাক্তন ক্রিকেটার সুব্রহ্মণ্যম বদ্রীনাথ।(Subramaniam Badrinath) সরাসরি টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীরের দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কীভাবে অভিষেক শর্মার ওপেনিং সঙ্গী হিসাবে সঞ্জু স্যামসনকে বসিয়ে ওপেন নামানো হচ্ছে গিলকে? প্রশ্ন বদ্রীনাথের।
গত এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছিলেন ভারতের টেস্ট অধিনায়ক শুভমন গিল। সেক্ষেত্রে একপ্রকার বাধ্য হয়েই নিচের সারিতে ব্যাট করতে নামতে হয় সঞ্জুকে। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম দুই ম্যাচে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয় সঞ্জুকে। তাঁর জায়গায় উইকেটকিপিং করেন জিতেশ শর্মা। ওপেনিং করেন শুভমন গিল। প্রথম দুই ম্যাচে টিম ইন্ডিয়ার তাঁর রান যথাক্রমে ৪ এবং ০।
এদিন সম্প্রচারকারী চ্যানেলে তামিলে ধারাভাষ্য দেওয়ার সময় বদ্রীনাথ(Subramaniam Badrinath) বলেন, “আমরা টি-টোয়েন্টি ক্রিকেটের কথা বলছি। এই ফরম্যাটে তো সঞ্জুর তিনটি সেঞ্চুরি রয়েছে। একজন খেলোয়াড় হিসাবে আপনি আর কী চান? ও এমন একজন খেলোয়াড়, যে এত ভালো পারফরম্যান্স সত্ত্বেও খেলানো হচ্ছে না। এটা দেখা সত্যিই কষ্টকর। দলের সহ-অধিনায়ক গিল। প্রথম একাদশে কেবল অধিনায়ক বা সহ-অধিনায়কই নিশ্চিত। হয়তো এই কারণেই সুযোগ পাচ্ছে ও। ওকে যখন সহ-অধিনায়ক করা হয়েছে, তখন ওকে তো রান পেতেই হবে। ওকে বুঝতে হবে ও সহ-অধিনায়ক কেন? মনে রাখতে হবে, ভারতে কিন্তু প্রতিভার কোনও অভাব নেই।”
উল্লেখ্য, ২০২৪ সাল থেকে ওপেনার হিসাবে দেখা গিয়েছে সঞ্জু স্যামসনকে। ৫১টি টি-টোয়েন্টি ম্যাচে ৯৯৫ রান করেছেন তিনি। তবে, মাত্র ১২ ইনিংসে তিনটি সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন তিনি। স্ট্রাইক রেট ১৪৭.৪০। অন্যদিকে, শেষ পাঁচটি টি-টোয়েন্টিতে তাঁর রান যথাক্রমে ০, ৪, ২৯*, ৪৬, ১৫, ৫। তাছাড়া চলতি বছর ১৩টি টি-টোয়েন্টি খেললেও কোনও অর্ধশতরান করতে পারেননি তিনি। ১৪ ডিসেম্বর, রবিবার রয়েছে তৃতীয় টি-টোয়েন্টি। সেই ম্যাচে কি জ্বলে উঠবে শুভমনের ব্যাট? আপাতত সেদিকেই তাকিয়ে ক্রিকেটমহল।




