কলকাতা: নিম্নমুখী পারদ। কলকাতা তথা গোটা রাজ্যজুড়ে শৈত্যপ্রবাহ। শীতের ব্যাটিং অব্যাহত থাকবে আগামী সাতদিনেও। এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।(Weather Forecast) কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে। উত্তরবঙ্গে বাড়তে পারে কুয়াশা।
কলকাতায় শুক্রবার ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই তাপমাত্রার পারদ। সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলায় ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী সাতদিন এমনই থাকবে তাপমাত্রা। তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও, বেলা বাড়লেই পরিষ্কার আকাশ। কুয়াশার সম্ভাবনা বেশি বাঁকুড়া এবং পুরুলিয়ায়। উপকূল ও সংলগ্ন এলাকাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।(Weather Forecast) পার্বত্য এলাকায় কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত হতে পারে।স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। সকালে ও রাতে শীতের আমেজ থাকলেও, দিনের বেলায় শীতের অনুভূতি কমবে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। শ্রীলঙ্কা উপকূলে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা আসছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ১৩ ডিসেম্বর ঢুকবে।




