প্রতিবেদন : তাঁর ব্যাটিং-বিক্রমে ইতিমধ্যেই মুগ্ধ আসমুদ্রহিমাচল। এবার ফের বিধ্বংসী ইনিংস খেলে ক্রিকেটবিশ্বকে তাক লাগিয়ে দিলেন ১৪ বছরের বিস্ময়-কিশোর বৈভব সূর্যবংশী।(Vaibhav Suryavanshi) শুক্রবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মাত্র ৯৫ বলে ১৭১ রান করলেন তিনি। গড়ে ফেললেন ছক্কা মারার নতুন রেকর্ড। প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৪৩৩ রান করে ভারত।
এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরশাহি। বৈভবের ১৭১ রানের ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি, ১৪টি ছক্কা। ওপেনিংয়ে বৈভবের সঙ্গী, অধিনায়ক আয়ুষ মাত্রে কেবল চার রানে আউট হয়ে যান। তবে বৈভব(Vaibhav Suryavanshi) ছিলেন চেনা মেজাজেই। মাত্র ৮৪ বলে ১৫০ রানের গণ্ডি পেরোন তিনি। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে এক ইনিংসে সর্বাধিক ১০টি ছক্কা মারার নজির ছিল আফগানিস্তানের দারউইশ রসুলির। ২০১৭ সালের সেই নজির ভেঙে দিলেন বৈভব।
পাশাপাশি, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির গড়ার তালিকাতেও অনেকখানি এগিয়ে গিয়েছেন বিস্ময়-কিশোর। ভারতের জার্সিতে অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল বৈভবের ১৭১। শীর্ষে রয়েছে ২০০২ সালে আম্বাতি রায়ডুর ১৭৭ রানের ইনিংস। ক্রিকেট ইতিহাসে যুবদের ওয়ানডেতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও গড়ে ফেলেছেন বৈভব। ২০০৮ থেকে এই রেকর্ড ছিল অজি ব্যাটার মাইকেল হিলের। নামিবিয়ার বিরুদ্ধে এক ইনিংসে তিনি ১২টি ছক্কা মেরেছিলেন। সেই নজির টপকে গেল ১৪ ছক্কায় সাজানো বৈভবের ইনিংস। যুবদের ওয়ানডেতে প্রথম ব্যাটার হিসাবে ৫০ ছক্কা হাঁকানোর নজিরও গড়েছেন তিনি।




