হাওড়া: ঘোষণা না করেই হাওড়া থেকে ছেড়ে দেওয়া হয় দিল্লিগামী স্পেশাল ট্রেন। চরম উত্তেজনার সৃষ্টি হয় হাওড়ায়। তুমুল বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ সামলাতে নির্ধারিত টিকিট ছাড়াই বন্দে ভারত এক্সপ্রেসে তুলে দেওয়া হল তিনশো যাত্রীকে! যার জেরে বিশৃঙ্খলা বাড়ল আরও। সফর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানাচ্ছেন বন্দে ভারতের(Bande Bharat Express) যাত্রীরা।
জানা গিয়েছে, রবিবার রাত প্রায় ১.১৫ নাগাদ হাওড়া থেকে দিল্লিগামী স্পেশাল ট্রেন ছাড়ার কথা ছিল। এরপরেই প্রায় চার ঘন্টা দেরিতে ট্রেনটি ছাড়বে বলে জানানো হয়। রবিবার রাতের বদলে সোমবার ভোর ৫.১৫এ রওনা দেবে ওই ট্রেন। এরপর ১২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যায়। ঘোষণা না হওয়ায় প্রায় তিনশো যাত্রী ট্রেনটিতে উঠতে পারেনি। স্বভাবতই তাঁরা বিক্ষোভ শুরু করেন।
এরপরেই অনুসন্ধান অফিস, স্টেশন মাস্টার, ডেপুটি এসএম অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে রেলের তরফে জানানো হয়, যাঁরা দিল্লিগামী ওই স্পেশাল ট্রেনে উঠতে পারেননি, তাঁদের গয়া বন্দে ভারত এক্সপ্রেসে(Bande Bharat Express) নিয়ে যাওয়া হবে। ফলে নির্ধারিত টিকিট ছাড়াই প্রায় আড়াইশো থেকে তিনশো যাত্রী বন্দে ভারতে উঠে পড়েন। যার জেরে বন্দে ভারত নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। এমনকি দুর্গাপুরে পৌঁছয় আধঘন্টা দেরিতে।
বন্দে ভারতের যাত্রীদের অভিযোগ, রেলের এই কাজের দায় পোহাতে হয়েছে তাদের। ট্রেন না পাওয়া যাত্রীরা বন্দে ভারতের আসন দখল করেন বলে অভিযোগ। এছাড়া দূরের রাস্তা যাওয়ার সময় কামরার যত্রতত্র বসে পড়েন, শৌচালয়েও ভিড় করেন। অনেকে প্যান্ট্রির খাবার ছিনিয়ে নেন বলেও অভিযোগ। যার জেরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।




