কলকাতা : হিন্দুত্বের জিগির তুলতে রবিবার ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করেছিল আরএসএস ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি সংসদ। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee), রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও। রাজ্যপালের ওইদিনের অনুষ্ঠানে গিয়ে গীতাপাঠে অংশ নিলেও অনুপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে সমালোচনায় সরব হয়েছিলেন বিজেপি নেতারা। সোমবার কোচবিহার যাওয়ার পথে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে তার জবাব দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ”ওটা তো বিজেপির অনুষ্ঠান, আমি কী করে যাব? নিরপেক্ষ কোনও অনুষ্ঠান হলে অবশ্যই যেতাম।”
ঈদ, ক্রিসমাসের মতো সংখ্যালঘুদের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সক্রিয় অংশগ্রহণে বরাবরই গোঁসা হয় বিজেপির। রবিবার গীতাপাঠের মতো এত বড় আসরে তিনি অনুপস্থিত থাকায় রাজ্যের বিরোধী দলনেতা, প্রাক্তন রাজ্য সভাপতিদের মুখেই সমালোচনা শোনা গিয়েছিল। তাঁদের বক্তব্য ছিল, গীতাপাঠে অংশগ্রহণ না করাই প্রমাণ করে, মমতা সংখ্যালঘু তোষণে ব্যস্ত!
সোমবার কোচবিহার যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হলে তাঁকে এনিয়ে প্রশ্ন করা হয়। তাতেই মমতার(Mamata Banerjee) সাফ জবাব, ”আমি কী করে যাব ওখানে? ওটা তো বিজেপির অনুষ্ঠান। আমার একটা আলাদা আদর্শ আছে। আমি তো ওখানে যেতে পারি না। নিরপেক্ষ কোনও অনুষ্ঠান হলে অবশ্যই যেতাম। আর তাছাড়া যারা বলে যে নেতাজিকে পছন্দ করে না, বিদ্যাসাগর-রামমোহন রায়কে পছন্দ করে না, তাদের সঙ্গে আমি নেই। থাকতে পারব না।”




