নয়াদিল্লি: ইন্ডিগোর বিমান বিপত্তি নিয়ে বারবার সামনে আসছে খবর। বাতিল হচ্ছে একাধিক বিমান। এমনকি যাত্রীদের বিকল্প পথে যাত্রা সারতে হচ্ছে। এবার তারই মাশুল দিতে হল বিমান পরিবহণ সংস্থাকে। সোমবার বাজার খোলার পর এক ধাক্কায় প্রায় ৯ শতাংশ পড়ে গিয়েছে ইন্ডিগোর শেয়ারের দাম।(IndiGo Share Price) আগামী দিনে পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে বলে অনুমান করা হচ্ছে।
রিপোর্ট বলছে চলতি মাসের শুরুতে ইন্ডিগোর শেয়ারের দাম(IndiGo Share Price) ছিল ৫,৮৩৭ টাকা। তবে দেশব্যাপী ইন্ডিগোর উড়ান পরিষেবা ব্যাহত হওয়ার পর বর্তমানে পরিস্থিতি অত্যন্ত বেহাল। সোমবারের বাজার রিপোর্ট বলছে, এদিন বাজার খোলার পর থেকেই হুড়মুড়িয়ে নামতে শুরু করে সংস্থার শেয়ারের দাম।
দিনের শেষে ৪৪৭ টাকা কমে শেয়ারের দাম নেমে এসেছে ৪,৯২৩ টাকায়, শতাংশের হিসেবে ইন্ডিগোর শেয়ার পড়েছে ৮.৩২ শতাংশ। শুধু তাই নয় রিপোর্টে আরও দাবি করা হয়েছে, চলতি মাসে এখনও পর্যন্ত ১৫ শতাংশ পড়েছে ইন্ডিগোর শেয়ারের দাম। পরিস্থিতি ক্রমশ যে দিকে গড়াচ্ছে তাতে আগামী দিনে এই সংস্থায় আরও বড় ধস নামতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।




