নয়াদিল্লি : ফের উত্তাল হয়ে উঠল সংসদের দুই কক্ষ।(Parliament House) সোমবার থেকেই ‘বন্দে মাতরম’ নিয়ে সংসদে শুরু হয়েছে বিশেষ আলোচনা। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই স্তোত্রের ১৫০ বছর পূর্তি উপলক্ষে সংসদের উভয়কক্ষে আলোচনায় অংশ নিচ্ছেন প্রতিটি রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা। তবে এনিয়ে আলোচনা শুরুর আগে সংসদ ভবনের বাইরে নিজেদের বকেয়া মেটানোর দাবিতে সরব হলেন তৃণমূল সাংসদরা। হাতে পোস্টার, তাতে ১০০ দিনের কাজ থেকে একাধিক যৌথ প্রকল্পের অর্থ নিয়ে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে প্রতিবাদ দেখালেন ডেরেক ও ব্রায়েন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়রা।
এদিন তৃণমূলের রাজ্যসভা ও লোকসভার সাংসদদের(Parliament House) একটা বড় অংশকে দেখা গেল, সোমবার সকালে এসব পোস্টার হাতে নিয়ে সংসদ ভবনের সামনে স্লোগান তুললেন। রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন, মৌসম বেনজির নুর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে লোকসভার সাংসদ শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, মিতালি বাগ, প্রতিমা মণ্ডল, বাপি হালদার, সকলের হাতে পোস্টার দেখা গেল। সেখানে স্পষ্টভাবে বাংলাকে বঞ্চনার অভিযোগ তোলা হয়েছে কেন্দ্রের বিরুদ্ধে।
শীতকালীন অধিবেশনে কীভাবে সংসদের ভিতরে-বাইরে মোদী সরকারকে চাপে ফেলতে হবে, তার রূপরেখা ঠিক করে দিয়েছেন দলের তরফে দায়িত্বপ্রাপ্ত লোকসভার দলনেতা তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর পরামর্শের ভিত্তিতে সংসদীয় দল ইস্যুভিত্তিক কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন করছে। কখনও এসআইআর, কখনও বাংলা ও বাঙালির উপর নির্যাতন, কখনও আবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বিরোধী সুর চড়াচ্ছেন দলীয় সাংসদরা।




