কলকাতা: ইন্ডিগোর বিমান(IndiGo Airlines) নিয়ে বিপত্তির শেষ নেই। বিগত কিছুদিন ধরে বারবার বিপর্যয়ের মুখে ইন্ডিগোর বিমান। নির্ধারিত বিমান তো মিলছেই না, পাশাপাশি বাতিল হচ্ছে একাধিক উড়ান। যার জেরে বিকল্প পথে যাত্রা সারতে হচ্ছে যাত্রীদের। সারা দেশে বিমান পরিষেবায় চরম বিপত্তির সৃষ্টি হয়েছে। এবার এ নিয়েই কেন্দ্রকে রকহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমেই কোচবিহারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এদিন কলকাতা বিমানবন্দর থেকে যাত্রা শুরুর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”আমি দেখছি, বেশ কয়েকদিন ধরে বিমান পরিষেবা না পাওয়ায় সবার খুব সমস্যা হচ্ছে। আমার মনে হয়, কোনও পরিকল্পনা না করায় এমন একটা পরিস্থিতি তৈরি হল। এটা একদম বিপর্যয়। এর জন্য কেন্দ্র দায়ী। তাদের আগে থেকে বিকল্প ব্যবস্থা নিতে হতো। আমার তো মনে হয়, এর জন্য যাত্রীরা আদালতে যেতে পারে।”
তিনি আরও বলেন, ”বিমান বাতিলের পর যাত্রীদের বলা হচ্ছে অন্য পথে যেতে। সেটা কি সম্ভব? বিমানে যেতে ২ ঘণ্টা লাগে, আর ট্রেনে সেই রাস্তাই ২৪ বা ৩৬ ঘণ্টা। তারউপর আবার আগাম টিকিট, রিজার্ভেশনের ব্যবস্থা করতে হয়। সবমিলিয়ে যাত্রীদের জন্য চূড়ান্ত ভোগান্তি। আসলে কেন্দ্রের বিজেপি সরকার সবসময় ভোটের কথা ভাবে আর আমরা ভাবি মানুষের কথা। তাই যাত্রীদের এত সমস্যা নিয়ে আমরা গভীরভাবে চিন্তিত।”
এই দুরাবস্থায় পাইলটদের পাশে দাঁড়িয়েছেন মমতা। তিনি বলেন, ” আমি জানি পরিষেবা ঠিকমতো বজায় রাখতে হলে অনেককে ওভারটাইম করতে হয়। কিন্তু সেটা সমাধান নয়। পাইলটদেরও বিশ্রাম দিতে হবে। তাই জন্য বিকল্প পরিকল্পনা তৈরি রাখা উচিত ছিল।”
প্রসঙ্গত, বিমান বিপত্তি রোজকার বিষ্প্য হপ্যে দাঁড়িয়েছে। কলকাতা, মুম্বই, আহমেদাবাদ, ভাইজ্যাগ-একাধিক বিমানবন্দর থেকেই উড়ছে না ইন্ডিগোর বহু বিমান।(IndiGo Airlines) সোমবারও দিল্লি থেকে ১৩৪টি বিমান বাতিল করেছে ইন্ডিগো। বেঙ্গালুরু থেকে ১২৭ এবং চেন্নাই থেকে ৭১টি উড়ান বাতিল হয়েছে।




