মালদহ : অবশেষে দীর্ঘ আইনি লড়াইয়ের পর বাংলাদেশে আটকে থাকে সোনালি বিবি এবং তাঁর নাবালক সন্তান। শুক্রবার সন্ধ্যায় মালদহ সীমান্ত হয়ে দেশে ফিরেছেন তিনি। শনিবার বীরভূমে নিজের বাড়িতে ফেরার কথা আছে তাঁদের। ফিরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee)ধন্যবাদ জানিয়েছেন তিনি। শুধু মুখ্যমন্ত্রী নন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সামিরুল ইসলামকেও ধন্যবাদ জানিয়েছেন সোনালি। বাংলাদেশের জেলে থাকাকালীন মুখ্যমন্ত্রীর তরফ থেকে অর্থ সাহায্যও করা হয়েছে বলে জানালেন তিনি।
সেই ভয়াবহ রাতে সোনালি, সুইটি ও তাঁদের পরিবার দিল্লি পুলিশ ও বিএসএফকে বারবার অনুরোধ করলেও কোনও কথা শোনা হয়নি! বাংলাদেশি বলে দাগিয়ে ওপার বাংলায় ‘পুশব্যাক’ করা হয় তাঁদের। রাতে জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশ থেকে ফিরে এমনই ভয়ংকর অভিজ্ঞতার কথা শোনালেন সোনালি।
তাঁকে ও পরিবারকে বাংলাদেশ পাঠানোর পরই ফিরিয়ে আনার দাবিতে হাই কোর্টে মামলা দায়ের হয়। উচ্চ আদালত নির্দেশ দেয় তাঁদের ফিরিয়ে আনতে হবে। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে কেন্দ্র। শীর্ষ আদালতও জানিয়ে দেয় ফেরাতে হবে তাঁদের। তারপর দেশে ফিরলেন সোনালি ও তাঁর নাবালক ছেলে। “ফিরে এলাম। মমতা(Mamata Banerjee)ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। সামিরুল ইসলামকেও ধন্যবাদ জানাই। বাংলাদেশে অনেক কষ্টে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় টাকা পাঠিয়ে ছিলেন। তবে বাংলাদেশ পুলিশ কোনও অত্যাচার করেনি। আর কোনও দিন দিল্লি যাব না”, দেশের মাটিতে পা রেখেই জানালেন সোনালি।




