কলকাতা : ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee)১৯৫৬ সালের ৬ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বাবাসাহেব আম্বেদকর। সমাজে ডঃ আম্বেদকরের মূল্যবান অবদানকে স্মরণ করার জন্য, এই দিনটিকে সারা ভারত জুড়ে মহাপরিনির্বাণ দিবস হিসাবে পালন করা হয়। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এদিন তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন মমতা।
মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)লেখেন, ”ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি, একজন অতুলনীয় চিন্তাবিদ এবং সমাজ সংস্কারক ডঃ বাবাসাহেব আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবসে তাঁর প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ভারতের সংবিধান প্রণয়নে তাঁর অবদান অমর।”
পাশাপাশি মমতার কথায়, “আমাদের গণতন্ত্রের পথপ্রদর্শক, আমাদের সংবিধানে বর্ণিত তাঁর আদর্শ ও নীতিগুলিকে রক্ষা ও শক্তিশালী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের গর্ব যে ডঃ বাবাসাহেব আম্বেদকর বাংলার আইনসভা থেকে গণপরিষদে নির্বাচিত হয়েছিলেন। তাঁর এই অসাধারণ কর্মকাণ্ডের উন্মোচনে বাংলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।”




