নয়াদিল্লি: শীঘ্রই নতুন ৫০টাকার নোট আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। নতুন মহাত্মা গান্ধী সিরিজের বাকি নোটগুলির মতোই হবে নতুন এই ৫০ টাকার নোটগুলির নকশা। রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রার সই থাকবে সেই নোটে। তবে কি পুরনো ৫০ টাকার নোট বাতিল হতে চলেছে?
আরবিআই সূত্রে খবর, নতুন ৫০ টাকার নোট দ্রুতই বাজারে ছাড়া হবে। তবে পুরনো নোট কি বাতিল হচ্ছে? তা নিয়েও স্পষ্ট জানানো হয়েছে যে, পুরনো নোট এখন বাতিল হচ্ছে না। বাজারে উপলব্ধ ফ্লুরোসেন্ট রঙের, পিছনে হাম্পির ছবি আঁকা ৫০ টাকার নোটও ব্যবহার করা যাবে। দুটি নোট বৈধ হিসাবে ধরে নেওয়া হবে। নতুন মহাত্মা গান্ধী সিরিজ অনুসারে, ৫০ টাকার নোটের আকার হবে ৬৬মিমি x ১৩৫মিমি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বর মাসেই রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসের জায়গায় দায়িত্ব গ্রহণ করেন সঞ্জয় মালহোত্রা। এবার তাঁর সই থাকবে ৫০ টাকার নোটে। তবে নতুন নোট চালু হলেও আগের নোটও বৈধ থাকছে।




