আজ, রবিবার বিকেলেই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। এও ঘোষণা করা হতে পারে কবে কবে বিধানসভা নির্বাচন হবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম ও অরুণাচল প্রদেশে।
দিল্লীর বিজ্ঞান ভবনে এ দিন বিকেল ৫টায় সাংবাদিক সম্মেলন ডেকেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, সেখানেই লোকসভা ও চার রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে।
সূত্রের খবর মোট ৭-৮ দফায় দেশজুড়ে ভোটগ্রহণ করতে পারে কমিশন। নির্বাচনের দিন ঘোষণার পরই গোটা দেশে নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে যাবে। লোকসভার সঙ্গে ভোট নেওয়া হতে পারে সিকিমেও। সেরাজ্যের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী ২৭ মে। অন্যদিকে, অন্ধ্র, ওড়িশা ও অরুণাচল প্রদেশ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে যথাক্রমে ১৮ জুন, ১১ জুন ও ১ জুন।
জম্মু ও কাশ্মীরে বর্তমানে রাষ্ট্রপতি শাসন চলছে। এক্ষেত্রে সেখানে রাষ্ট্রপতি শাসন জারির ৬ মাসের মধ্যে সেখানে নির্বাচন করাতে হবে কমিশনকে। আগামী মে মাসে শেষ হচ্ছে জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ। ফলে সেখানে ভোট নেওয়ার ক্ষেত্রে কমিশন কিছু বলে কিনা তাও দেখার।




