ম্যাচ শুরুর আগে দুই দলের অধিনায়ক এসেছেন টস করতে মাঠে। একজন কর্মকর্তা আর একজন উপস্থাপকের সামনে টস করছেন, কর্মকর্তা কয়েন ছুড়ে মাটিতে ফেলে দেখছেন ‘হেড’ উঠেছে না ‘টেল’—ক্রিকেট মাঠের অতিপরিচিত দৃশ্যগুলোর মধ্যে এটি একটি। ‘হেড’ উঠলে যে অধিনায়ক টসের আগে ‘হেড’ বলেছিলেন, তিনি জিতবেন। যদি ‘টেল’ ওঠে, তাহলে যে অধিনায়ক ‘টেল’ নির্ধারণ করেছিলেন, তিনি জিতবেন। তবে এই চিত্র নাকি বদলে যাচ্ছে, ক্রিকেটে আস্তে আস্তে উঠে যেতে পারে এভাবে টস করার পদ্ধতি! কয়েনের জায়গায় ক্রিকেট ব্যাট!
হ্যাঁ, এমনটাই হতে চলেছে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে। নিজেদের টুর্নামেন্টে অদ্ভুত অদ্ভুত সব নিয়ম চালু করার ব্যাপারে বেশ ‘সুনাম’ আছে বিগ ব্যাশ লিগের। এর আগে জিং বেলসেরও প্রচলন করেছিল তারা। ক্রিকেট খেলার মধ্যে কোনো কারণে স্ট্যাম্পের বেল পড়ে গেলে এখন দেখবেন পুরো স্ট্যাম্পে জ্বলজ্বল করে আলো জ্বলে ওঠে—এটাই জিং বেলস। আর ক্রিকেটে এই জিং বেলসের প্রচলন শুরু করেছিল কিন্তু এই বিগ ব্যাশ লিগই। তাই বলা যায়, কয়েনের জায়গায় ব্যাট দিয়ে টস করার নিয়ম চালু হলে সেই নিয়মটাও আন্তর্জাতিক ক্রিকেট দুহাত ভরে গ্রহণ করবে!
নতুন এই নিয়মে বলা হচ্ছে টস করার আগে দুই অধিনায়ক সিদ্ধান্ত নেবেন কে ব্যাটের ‘হিলস’ (অসমতল অংশ) নেবেন, আর কে ‘ফ্ল্যাটস’ (সমতল অংশ) নেবেন। দুই অধিনায়কের মত নেওয়ার পরে কয়েনের মতোই ব্যাট ছোড়া হবে আকাশে। তারপর সেই ব্যাট ভূপতিত হলে দেখা হবে ‘ফ্ল্যাটস’ উঠেছে, না ‘হিলস’। বলা চলে মোটামুটি কয়েনের মতোই নিয়ম, শুধু কয়েনের জায়গায় ব্যাট আসবে আরকি!
নতুন এই নিয়ম আরও বেশি দর্শক টানবে, শিশুদের মধ্যে জনপ্রিয় করবে বিগ ব্যাশ লিগকে, এমনটাই মনে করছেন বিগ ব্যাশ লিগের প্রধান কিম ম্যাককোনি, ‘বাচ্চারা যখন বাড়ির উঠানে ক্রিকেট খেলে, তখন দেখবেন তারা কিন্তু কয়েন দিয়ে টস করে না, টস করার ক্ষেত্রে তারা ব্যাটই ব্যবহার করে। তাই এই নতুন নিয়ম চালু করলে এটা শিশুদের মধ্যে অনেক জনপ্রিয় হবে বলে আমার ধারণা। ভেবে দেখুন তো শেষ কবে একটা ম্যাচের টস পর্বটা আপনি মনোযোগ দিয়ে দেখেছেন?’
ছোটবেলার পাড়ার ক্রিকেটের ঐতিহ্যকে ধরে রাখতেই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া।
সাধারণত ব্যাট দিয়ে টস করলে ব্যাটের উঁচু দিকই বেশি পড়ে। কিন্তু এ সমস্যার সমাধানও করে ফেলেছেন বিগ ব্যাশ কমিটি। টস করার জন্য দু’পাশই ওঠে, এমন কিছু ব্যাটের অর্ডার ইতোমধ্যে দিয়েছে লিগ।
সব কিছু ঠিক থাকলে আর কিছুদিন পর ১৯ ডিসেম্বর বিগ ব্যাশের প্রথম ম্যাচে ক্রিকেট বিশ্ব দেখতে যাচ্ছে এমন অভূতপূর্ব ঘটনা। যেখানে টস করবেন ব্রিসবেন হিটসের অধিনায়ক ক্রিস লিন।




