পাঁচ রাজ্যে বিজেপি কোণঠাসা হতেই আরও আক্রমণের ধার বাড়ালো তৃণমূল। শীতকালীন অধিবেশনে নরেন্দ্র মোদীর সরকারকে চেপে ধরতে শুরু হয়ে গিয়েছে তৃণমূলের তৎপরতা। তারই প্রাথমিক পদক্ষেপ হিসেবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে আলোচনার দাবি তুলে রাজ্যসভায় নোটিস দিল তৃণমূল।
নোটিসে এ বিষয়ে অবিলম্বে আলোচনার দাবি জানিয়েছে তৃণমূল। জানা গেছে, মঙ্গলবার যখন বিধানসভার ফল স্পষ্ট হতে শুরু করে, তখনই এই নোটিস রাজ্যসভায় পেশ করা হয়।
মাসখানেক ধরে আরবিআই-কেন্দ্র টানাপোড়েন চলছে। এই নিয়ে শুরু থেকেই মোদি সরকারের আগ্রাসী নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিল তৃণমূল। তাদের দাবি, দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সঙ্কটে। এবার সেকথাই উল্লেখ করে রাজ্যসভায় নোটিস দিয়েছে তৃণমূল।
ওয়াকিবহাল মহলের মতে, এই ইস্যুতে দেশের অন্য রাজনৈতিক দলগুলিও সরব। ফলে রাজ্যসভায় অন্য বিরোধীদেরও সমর্থন পাবে তৃণমূল। ফলে সব মিলিয়ে এই নোটিস রাজ্যসভায় গেরুয়া শিবিরকে যথেষ্ট চাপে রাখবে বলে মনে করছে রাজনৈতিক মহল।




