গোবলয়ে ‘গো’-হারান হারার পর, এবার লোকসভা ভোটেও হারের জুজু দেখছে বিজেপি। তাই সেমিফাইনালে ৫ রাজ্য থেকে বিতাড়িত হতে না হতেই ফের রামের শরণ নিচ্ছে তারা। লোকসভা ভোটের আগে একাধিক লোক দেখানো কর্মসূচী এবং ‘মোদী ম্যাজিক’-এর ওপরই ভরসা করে বসেছিল গেরুয়া শিবির। তবে মঙ্গলবার পাঁচ রাজ্যের ফল দেখে কেন্দ্রীয় নেতৃত্বের উপলব্ধি, কোনও কিছুই আর যথেষ্ট নয়। তাই মোদী ম্যাজিকের ভরসা না করে তড়িঘড়ি রামমন্দির তৈরির দাবিতেই ফিরতে চাইছে তাই।
অন্যদিকে, রথ, কেপিপি-র সমর্থন আদায় থেকে শুরু করে সার্কিট বেঞ্চ, লোকসভা ভোটের আগে জলপাইগুড়ি জেলাবাসীর ‘মন জয়ে’ হাতে একাধিক অস্ত্র সাজিয়েছিল রাজ্য বিজেপিও। সূত্রের খবর, ইতিমধ্যেই রামমন্দির নিয়ে তোড়জোড় শুরু করার প্রয়োজনীয় নির্দেশ এসে গিয়েছে সেখানের জেলা অফিসেও। জানা গেছে, মন্দির নিয়ে প্রচার যতটা প্রকাশ্যে হবে, তার থেকেও বেশি হবে ঘরোয়া সভা-আলোচনা চক্রে এবং বাড়ি বাড়ি কর্মী পাঠিয়ে।
তবে ৫ রাজ্যের ভোটের ফল জলপাইগুড়িতে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে চিন্তিত সেখানকার জেলা নেতৃত্ব। জেলার বিজেপি নেতারা কোনও ঝুঁকি নিতে চাইছেন না। এক নেতা সাফ জানালেন, ‘এ কথা ভুললে চলবে না, এই রামমন্দির আন্দোলনই আমাদের দলকে সারা ভারতে ছড়িয়ে দিয়েছিল। এবার রামনবমীতে জলপাইগুড়িতেই বিরাট মিছিল হয়েছে।’ বিজেপি নেতার কথাতেই স্পষ্ট যে ৫ রাজ্যে মুখ থুবড়ে পড়ার পর এলহন ‘রাম’-নাম করেই ঘুরে দাঁড়াতে চাইছে তাঁরা। ফলে বিজেপি যে আবারও সেই অযোধ্যার রামমন্দির ইস্যুকেই হাতিয়ার করে ভোটের ময়দানে নামতে চলেছে তা জানতে আর বাকি নেই কারও।




