তিন তারকা একই দিন জ্বলে ওঠায় দারুণ এক জয়ে মাঠ ছাড়লো পিএসজি। চ্যাম্পিয়নস লিগে ‘সি’ গ্রুপে পয়েন্ট টেবিলের অনেক জটিলতা। এর মধ্যেই গ্রুপপর্ব থেকেই বাদ পড়ার শঙ্কা নিয়ে মাঠে নামেন নেইমার-কাভানিরা। অথচ কি দুর্দান্ত জয় আর ফিরে আসার গল্পে নিশ্চিত করে শেষ ষোলো। শুধু তা-ই নয়, পিএসজি হয়েছে গ্রুপ চ্যাম্পিয়নও!
সার্বিয়ান ক্লাব বেলগ্রেডের মাঠে আধিপত্য বিস্তার করা পিএসজি ৯ মিনিটেই লিড পায় গোলটি করেন উরুগুইয়ান স্ট্রাইকার কাভানি। পরে ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার।
বিরতির পর অবশ্য একটি গোল শোধ করে স্বাগতিকরা। গোলটি আসে গোবেলজিকের পা থেকে। কিন্তু ৭৪ মিনিটে পিএসজির হয়ে তৃতীয় গোলটি করেন মারকুইনহোস। আর যোগ করা সময়ে বেলগ্রেড জালে শেষ গোলটি করেন এমবাপে।
চ্যাম্পিয়নস লিগে এই মরসুমে পিএসজির সবাইকে ছাড়িয়ে গেছেন নেইমার। ফরাসি ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১১ গোল করেছেন করিয়েছেন ৫টি। যা পিএসজির হয়ে আর কেউ পারেননি।
রেড স্টার আগেই বাদ পড়েছে। ‘সি’ গ্রুপের জটিল সমীকরণে লিভারপুলেরই বাদ পড়ার সম্ভাবনা ছিল বেশি। আজকের ম্যাচে পিএসজি বড় ব্যবধানে জিতেছে। আর নিজেদের মাঠে নাপোলির বিপক্ষে জিতেছে লিভারপুল। সমান পয়েন্ট নিয়েও প্রতিপক্ষের জালে কম গোল করায় কপাল খুলে যায় ক্লপের শিষ্যদেরই।




