ছত্তিশগড়ে ইভিএম খুলতেই কোণঠাসা হয়েছে গেরুয়া শিবির। মধুর জয় হাসিল করে নিয়েছে কংগ্রেস। ৯০ আসনের ছত্তিশগড়ে ম্যাজিক ফিগার ৪৬। সেখানে ৬৮ টি আসন নিয়ে একক সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। কিন্তু তার পর প্রায় ২৪ ঘণ্টা কেটে গেলেও, এখনও পর্যন্ত রাজ্যের হবু মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে উঠতে পারেনি তারা।
আজ বুধবার মুখ্যমন্ত্রী বাছতে পরিষদীয় দলের বৈঠক ডেকেছে কংগ্রেস। সেখানে পর্যবেক্ষক হিসেবে হাজির থাকবেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) মল্লিকার্জুন খাড়গে, রাজ্যে এআইসিসি-র ভারপ্রাপ্ত পিএল পুনিয়া এবং অন্যান্য শীর্ষ নেতা। সেখানে নিজেদের পছন্দের প্রার্থীর নাম জানাবেন নব নির্বাচিত বিধায়কেরা। সেই অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানা গিয়েছে। তার পরই আনুষ্ঠানিকভাবে পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষিত হবে।
তবে বৈঠকে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, এখনও পর্যন্ত পাল্লাভারী এখনও পর্যন্ত পাল্লাভারী টিএস সিংহদেও-র। দলের নির্বাচনী কর্মসূচি ঠিক করায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। দীর্ঘদিনের অভিজ্ঞতার পাশাপাশি রাহুল গাঁধীর ঘনিষ্ঠ বলেও পরিচিত তিনি। অন্যদিকে দুর্গ গ্রামীণ বিধানসভা আসনে জয়ী তাম্রধ্বজ সাহুর প্রতি সমর্থন রয়েছে দলের একাংশের। পরিচ্ছন্ন ভাবমূর্তিই তাঁর প্লাস পয়েন্ট। আর আছেন ভূপেষ বাঘেল। ওবিসি শ্রেণির প্রতিনিধি। আগ্রাসী মনোভাবের জন্যই দলের মধ্যে পরিচিত। রাহুল গাঁধীর সঙ্গে তেমন দহরম মহরম না থাকলেও দলে তাঁর সমর্থকের সংখ্যা কম নয়। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর কুর্সি কার দখলে যায় সেটাই দেখার।




