পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি অন্যতম হল তাজমহল। শাহজাহানের প্রেমের এই অপূর্ব নিদর্শন দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। দু’চোখে বন্দী করে নিয়ে যান এই অবর্ণনীয় স্থাপত্যের সৌন্দর্য। ফলে এখনও প্রতিদিন প্রচুর মানুষের ভিড় হয় তাজমহলে, পূর্ণিমার সময় সংখ্যাটা আরও বৃদ্ধি পায়। কিন্তু মোদী সরকারের সিদ্ধান্তে এই তুমুল ভিড়ে রাশ টানতে টিকিটের দাম প্রায় ৫০০% বৃদ্ধি করতে চলেছে তাজমহল কর্তৃপক্ষ।
এমন একটি বিখ্যাত সৌধের ওপরে যাতে পর্যটকদের চাপ লাগামছাড়া না হয় তার জন্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে তাজ কর্তৃপক্ষও। সেই কারণেই এক ধাক্কায় টিকিটের দাম ৫০ টাকা থেকে গিয়ে দাঁড়াল ২৫০ টাকা, অর্থাৎ প্রায় ৫০০% দাম বৃদ্ধি হল। এত দাম দিয়ে টিকিট কাটা অনেকেরই সম্ভব নয়, তাই এক ঢিলেই দুই পাখি মারছে মোদী সরকার সহ তাজের কর্তৃপক্ষ৷ একদিকে ভিড় কমবে অন্যদিকে রক্ষণাবেক্ষণের জন্য টাকা তুলনামূলক বেশি আসবে৷
সোমবার থেকেই কার্যকর হয়েছে এই নয়া দামের টিকিট। এতদিন ৫০ টাকার টিকিটেই মূল সমাধিক্ষেত্র সহ পুরো তাজমহল ঘোরা যেত কিন্তু এবার থেকে মূল সমাধি ক্ষেত্রে যেতে কাটতে হবে অতিরিক্ত ২০০ টাকার টিকিট। শুধু ৫০ টাকার টিকিটে ঘুরে দেখা যাবে তাজের চারপাশ এবং যমুনাও। বিদেশি পর্যটকদের ক্ষেত্রে সমাধিস্থল সহ পুরো তাজমহল ঘুরে দেখতে টিকিটের দাম হল ১৩০০ টাকা, আর সার্ক গোষ্ঠীভুক্ত দেশ থেকে আসা পর্যটকদের ক্ষেত্রে টিকিটের খরচ ৫৪০ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৪০ টাকা।
বিশেষজ্ঞরা জানিয়েছেন , প্রতিদিন হাজার হাজার পর্যটকের পা পড়ার ফলে মুঘল যুগের এই স্থাপত্য মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। মার্বেল মেঝে তো বটেই তাজমহলেরও দেওয়াল, এমনকি ভিত্তিপ্রস্তরেও প্রভাব পড়ছে। তা ছাড়া দূষণের কারণে সাদা মার্বেল হলুদ হয়ে যাওয়ার ঘটনা তো রয়েছেই। তাজমহল সংরক্ষণে ব্যর্থতার কারণে গত জুলাইয়ে তাজ কর্তৃপক্ষকে তীব্র ভর্ৎসনা করেছিল শীর্ষ আদালত। এ ব্যাপারে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার পর থেকেই তাজমহলকে সুরক্ষিত করতে পরীক্ষামূলক বিবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে। অবশেষে টিকিটের দাম বাড়িয়ে অতিরিক্ত ভিড় আটকাতে চাইছে কর্তৃপক্ষ।
ভারতীয় ভূতত্ত্ব সর্বেক্ষণের (এএসআই) মুখপাত্রের কথায়, ‘পর্যটকদের সংখ্যা কমানোর জন্যই মূল্যূবৃদ্ধির সিদ্ধান্ত। এর ফলে তাজমহলের মূল সমাধিক্ষেত্রে পর্যটক কমপক্ষে ১৫-২০ শতাংশ কমবে। সেই সঙ্গে তাজমহলের সংরক্ষণের জন্য ভালো টাকাও পাওয়া যাবে।’ শুধু তাই নয় তাজমহলে দৈনিক পর্যটক সংখ্যা। ৪০ হাজারে বেঁধে দেওয়া হয়েছে। আগে সপ্তাহান্তের ভিড় ৭০ হাজারও ছাপিয়ে যেত, সেই প্রবণতায় রাশ টানতেই এই উদ্যোগ।




