গতকাল রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদ থেকে ইস্তফা দিয়ে বোমাটা ফাটিয়েছিলেন উর্জিত প্যাটেল। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আবারও আর্থিক ক্ষেত্রে ধাক্কা খেলেন নরেন্দ্র মোদী। উর্জিত প্যাটেলের পর এবার ইস্তফা দিলেন প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা অর্থনীতিবিদ সুরজিত ভাল্লা। আজ মঙ্গলবার সকালে টুইট মারফত নিজের ইস্তফার কথা জানিয়েছেন সুরজিত। ২৪ ঘণ্টা মধ্যে সরকারের এমন গুরুত্বপূর্ণ পদ থেকে দুই ‘মহারথী’র পদত্যাগে মোদী সরকার যথেষ্ট বিপাকে পড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
ওই টুইতে ভাল্লা লেখেন, ‘১ ডিসেম্বরেই প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টার পার্ট-টাইম সদস্যের পদ থেকে ইস্তফা দিয়েছি’। প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টার পদের মূল দায়িত্বে রয়েছেন নীতি আয়োগ-এর সদস্য বিবেক দেবরায়। পার্ট-টাইম সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন রথীন রায়, অসীমা গয়াল এবং শমিকা রবি। কিন্তু কেন ইস্তফা দিলেন তা নিয়ে স্পষ্ট কিছু জানাননি ভাল্লা।
প্রধানমন্ত্রীর দফতরের মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাল্লার ইস্তফাপত্র গ্রহণ করেছেন। ওই মুখপাত্র আরও জানান, ভাল্লা অন্য কোনও সংস্থায় যোগ দেবেন বলেই জানিয়েছেন।




