গোপন সূত্রে পাওয়া খবরের রেশ ধরে সোমবার কলকাতার বড়বাজার এলাকা থেকে আনুমানিক ৬ কোটি টাকা মূল্যের সোনা ও নগদ টাকা উদ্ধার করেছে শুল্ক দফতর প্রতিরোধ বিভাগের অফিসারেরা।
কাস্টমসের পি এণ্ড আই শাখার কলকাতার ডেপুটি কমিশনারের তত্ত্বাবধানে শুল্ক দফতরের প্রতিরোধ বিভাগের অফিসারেরা বড়বাজারের মনোহর দাস স্ট্রিটে হানা দিয়ে চোরাচালানকারীদের কাছ থেকে উদ্ধার ও আটক করেছেন মোট ছয় কিলোগ্রাম বিদেশী সোনা এবং তার সঙ্গে চার কোটি নগদ টাকাও।
পাচার করা সোনার বেশ খানিকটা ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে বলে সন্দেহ করছেন তদন্তকারী অফিসারেরা এবং উদ্ধার হওয়া নগদ চার কোটি টাকা সেই পাচারীকৃত সোনা বিক্রিরই আয় বলে মনে করছেন তাঁরা। উদ্ধার হওয়া ছয়টি সোনার বারের এক একটার ওজন প্রায় এক কিলোগ্রাম করে – ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১ কোটি ৯০ লক্ষ টাকা।
বিষয়টির তদন্ত শুরু হয়েছে এবং মামলায় জড়িত সন্দেহে এলাহাবাদ ও গয়া থেকে দুই ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে ইতিমধ্যেই।




