মাস দুয়েক আগে আসানসোল উত্তরে রামনবমীর মিছিল ঘিরে সৃষ্টি হওয়া হিংসার জেরে খুন হয়েছিলেন নুরানি মসজিদের ইমাম ইমদাদুল্লা রাসিদির ছোট ছেলে। সেই সময় নজিরবিহীন সংযম ও মহত্ত্বের পরিচয় দিয়ে অসাধারণ ভূমিকা পালন করেছিলেন রাসিদি। ছেলের মৃত্যশোক নিঃশব্দে সহ্য করে এলাকায় শান্তি রক্ষার আবেদন জানিয়েছিলেন তিনি। ফলে বড়সড় অশান্তির হাত থেকে রক্ষা পেয়েছিল আসানসোল। ইমামের এমন ভূমিকাকে সাধুবাদ জানিয়েছিলেন দেশ–বিদেশের বহু মানুষ। মানবতা ও শান্তির স্বপক্ষে নজিরবিহীন এই ভূমিকার জন্য রাজ্য সরকার তাঁকে বঙ্গসম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নেয়। আগামী ৯ জুন কোলকাতায় রাজ্য শিশু সুরক্ষা দিবস পালিত হবে। সেদিন ইমাম মহম্মদ ইমদাদুল্লাকে সংবর্ধনা দেওয়ার জন্য আমন্ত্রণ পত্র পাঠিয়েছে রাজ্য সরকার। শনিবার রাজ্য সরকারের প্রতিনিধিরা আসানসোল উত্তরের রেলপাড়ে নুরানি মসজিদের ইমামের হাতে আমন্ত্রণ পত্র তুলে দেন। ইমাম ইমদাদুল্লা তা গ্রহণ করেন। তিনি জানিয়েছেন, রমজান মাস চলার জন্য তিনি নিজে যেতে পারবেন না। তবে তার দুই ছেলে ওই অনুষ্ঠানে যোগ দেবেন।
এবারের রমজানে ১৬ বছরের সিবঘাতুল্লাহকে পাননি তার পরিবারের লোকেরা। গত ২৫ মার্চ সকালে সেই যে হাজিনগরের মাদ্রাসায় গিয়েছিল সে, তারপর থেকে আর বাড়ি ফেরেনি। পরদিন ওর নিশ্চল দেহ ফিরে এসেছিল নুরানি মসজিদে। সেই দিনটার কথা ভুলতে পারেন না ইমাম ইমদাদুল্লাহ। বললেন, ‘খুব ধর্মপ্রাণ ছিল আমার ছেলে। গতবারের ঈদেও ছিল আমাদের মধ্যে। এবার নেই। তাই ফাঁকা ফাঁকা লাগছে।’




